ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর)। সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাসে বিশেষ অভিযানের সময় তাদের আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার তত্ত্বাবধানে পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলীর দিকে যাওয়া ‘সৌদিয়া’ পরিবহনের একটি বাস আসাদগেট মোড়ে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসের ভেতর থেকে কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা মো. পারভেজ মোশারফ (২৩) ও মো. মেজবাহ উদ্দিন (২১)–কে আটক করা হয়। তাদের কাছে পাওয়া যায় মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
ঘটনার পর পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিএইচএ/
