66
জুলাই আগস্ট গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে পাঠানোর বিষয়ে এখনো সাড়া দেয়নি দেশটির সরকার, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে, আমরা চেয়েছি তাঁকে ফেরত পাঠানোর জন্য। যেহেতু উনি সাজাপ্রাপ্ত, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাঁকে একটি শাস্তি দিয়েছে।
কিন্তু আমরা এখনো ইতিবাচক সাড়া পাইনি।’ বিষয়টি সময়সাপেক্ষ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমার মনে হয় অনুমান না করাই ভালো। দেখা যাক, কী হয়।
এ ধরনের ঘটনায় ঝট করে এক দিনে, সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, ভারতীয় কর্তৃপক্ষ থেকে দেখি কী প্রতিক্রিয়া পাওয়া যায়।’
এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রসঙ্গেও কথা বলেন পরারাষ্ট্র উপদেষ্টা । তিনি বলেন, ‘বেগম জিয়াকে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না।
এয়ারক্রাফট নিয়ে একটু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে । সে ক্ষেত্রে এক-আধদিন দেরি হতে পারে।’ তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
ওনার স্ত্রী জোবাইদা সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো।’
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের হাতে সময় খুবই সীমিত। আমরা আশা করছি, ফেব্রুয়ারিতে সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে এবং দেশের ভার নির্বাচিত প্রতিনিধিদের হাতে দিয়ে আমরা সরে যাব।
গত দেড় বছরের মধ্যে আমরা চেষ্টা করছি, একটা পথনির্দেশ তৈরি করার, যেটা আমাদের পরে যাঁরা আসবেন তাঁদের সহায়তা করবে। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি।’
চার দিনের সফরে তৌহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সাকির্ট হাউসে আসেন। এ সফরে তিনি রংপুর ও নীলফামারীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
এসএন/