ডেস্ক রিপোর্ট:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাকারবারীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে গত রোববার (৭ ডিসেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী বড়ইকুচি পশ্চিমপাড়া গ্রামে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপি’র টহল দল এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বড়ইকুচি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওইসময় স্থানীয় আব্দুল বারেকের ছেলে মো. রাব্বানীর বাড়ির পাশে খড়ের পালা (গাদায়) লুকিয়ে রাখা ১৮টি বস্তায় ৮৯টি কার্টনের ভেতর ৬ হাজার ৪০৮ পিস ভারতীয় সাবান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা। এসব মালামাল অবৈধভাবে ভারতের সীমান্তপথে পাচার করে এনে স্থানীয় হাটবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা বিজিবির। তবে অভিযানকালে বাড়ির মালিক চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
ভারতীয় সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করে কর্ণজোড়া বিওপি’র ক্যাম্পের সুবেদার মো. ফুলু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, “ভারতীয় মালামাল জব্দের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এমএআর/
