ঢাকার কেরানীগঞ্জে ‘জাবালে নুর টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে ভূগর্ভস্থ গুদামে লাগা আগুন সাত ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একটানা কাজ করে যাচ্ছে। এ ঘটনায় ভবনটির ৪২ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার ভোর সাড়ে চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু (বাবুবাজার সেতু) সংলগ্ন ভবনটির ভূগর্ভস্থ কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট, সিদ্দিকবাজারসহ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুপুর ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
জানা গেছে, ১০ তলাবিশিষ্ট ভবনটি নুরে আলম ও মো. ফারুক হোসেনের মালিকানাধীন। ভবনের ভূগর্ভস্থ, প্রথম ও দ্বিতীয় তলায় কাপড়ের গুদাম ও দোকান রয়েছে। তৃতীয় থেকে দশম তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমের নেতৃত্বদানকারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গুদামে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের তীব্রতা কিছুটা কমানো সম্ভব হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভবনের বাসিন্দা আবদুর রশিদ বলেন, ভোর সাড়ে চারটার দিকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখতে পান তারা। তখন চিৎকার করে পরিবার-পরিজন নিয়ে দ্রুত নিচে নেমে আসেন। আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান রয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
টিএইচএ/
