ভারতের সহায়তার প্রশংসা করলেন আফগান স্বাস্থ্যমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি আফগানিস্তানের স্বাস্থ্যখাতে ভারতের দীর্ঘদিনের সহায়তার ভূয়সী প্রশংসা করেছেন এবং ভারতীয় মেডিকেল ভিসাকে আফগান রোগীদের জন্য একটি “অত্যাবশ্যক মানবিক চ্যানেল” হিসেবে উল্লেখ করেছেন।

নয়াদিল্লিতে সরকারি সফরকালে একটি ভারতীয় টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে জালালি বলেন, আফগানরা বহুদিন ধরেই চিকিৎসার জন্য ভারতের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে মেডিকেল ভিসা সহজীকরণের ফলে হাজার হাজার আফগান রোগী উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন
banner

তিনি কাবুলে অবস্থিত ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব চাইল্ড হেলথকে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শিশু হাসপাতাল হিসেবে উল্লেখ করে এর উন্নয়নে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন। এই হাসপাতালে থ্যালাসেমিয়া সেন্টার স্থাপন, আধুনিক ডায়াগনস্টিক ইউনিট চালু, হিটিং সিস্টেম উন্নয়ন এবং একটি সিটি স্ক্যান মেশিন দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।

জালালি আরও বলেন, ভারত কাবুলের বাগরামি জেলায় ৩০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে, যেখানে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, ট্রমা ইউনিট এবং মা ও শিশু স্বাস্থ্য ক্লিনিক থাকবে।

তিনি জানান, জয়পুর ফুট কর্মসূচির আওতায় প্রায় ৭৫ জন আফগান রোগীকে কৃত্রিম পা দেওয়া হয়েছে এবং ভারত ২০টি অ্যাম্বুলেন্সও অনুদান দিয়েছে।

ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর সঙ্গে বৈঠকে জালালি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ এবং বিশেষ করে ক্যান্সারের ওষুধ সরবরাহে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ভারত জরুরি ভিত্তিতে এসব ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি সক্ষমতা বৃদ্ধির গুরুত্বের কথা তুলে ধরে বলেন, আফগান চিকিৎসকদের ভারতে প্রশিক্ষণ দেওয়া এবং ভারতীয় মেডিকেল টিম আফগানিস্তানে পাঠানো এই সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।

তিনি আরও বলেন, আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসাসহ ঐতিহ্যবাহী চিকিৎসায় সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে এবং আফগানিস্তানে একটি ট্র্যাডিশনাল মেডিসিন ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

জালালি জানান, ওষুধের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে আফগানিস্তান ওষুধ আমদানির পথ বৈচিত্র্যময় করেছে এবং নকল ও নিম্নমানের ওষুধ ঠেকাতে নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আফগানিস্তান–ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক ও মানবিক মূল্যবোধভিত্তিক বলে উল্লেখ করে আশা প্রকাশ করেন, স্বাস্থ্য, ওষুধ ও চিকিৎসা অবকাঠামো খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে।- সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ : আব্দুল্লাহ কাসিম আজওয়াদ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222