চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অস্ত্রের মুখে ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ যৌথ অভিযানে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি)।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইচক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি উত্তর জোনের উপকমিশনার (ডিসি) হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ঘটনার পরপরই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করি। ঢাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।”
উল্লেখ, গত রোববার (৪ জানুয়ারি) বিকেলে হামজারবাগ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে একদল সশস্ত্র ব্যক্তি ৩৫টি স্বর্ণের বার ছিনতাই করে নিয়ে যায়। এসব বারের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।
স্বর্ণ ব্যবসায়ীর দুই কারিগর দাবি করেন, মোটরসাইকেলে আসা চারজন মুখোশধারী তাদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে এবং আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।
সেদিন রাতেই দুই কারিগর পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এক ব্যবসায়ীর নির্দেশে দুই কারিগর ৩৫টি স্বর্ণের বার নিয়ে সিএনজিতে করে ঢাকার পথে রওনা হন। হামজারবাগে পৌঁছালে মোটরসাইকেলে আসা চারজন তাদের গতিরোধ করে স্বর্ণ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যে ঘটে যায়। ভুক্তভোগীরা এজাহারে ছিনতাইকারীদের একজনের নাম ‘সুমন’ বলে উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং ছিনতাইকারীরা আগেই কারিগরদের গতিবিধি অনুসরণ করছিল।
এমএআর/
