নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা কোয়াবের

by Fatih Work

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত ও অবাঞ্ছিত মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

সম্প্রতি ভারতের বিপক্ষে বিশ্বকাপ খেলতে না যাওয়ার প্রসঙ্গ তুলে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘দালাল’ বলে আখ্যা দেন এম নাজমুল ইসলাম। ওই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই বুধবার সন্ধ্যায় তিনি দেশের সব ক্রিকেটারকে নিয়েই একাধিক অনভিপ্রেত ও অবমাননাকর মন্তব্য করেন, যা ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

বিজ্ঞাপন
banner

এম নাজমুল ইসলাম বলেন, ক্রিকেটারদের পেছনে বোর্ড কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু তারা খারাপ খেললে কি সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে—এমন প্রশ্ন তোলেন তিনি। এ ছাড়া আরও কিছু বক্তব্য দেন, যেগুলো ক্রিকেটারদের কাছে অসম্মানজনক বলে বিবেচিত হয়েছে। পরিস্থিতির চাপে পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

তবে বিসিবির সেই দুঃখপ্রকাশে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। খেলোয়াড়দের সম্মানহানিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরের ম্যাচের আগে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে কোয়াব।

বুধবার রাতে এক ভিডিও বার্তায় কোয়াব সভাপতি মিঠুন এ ঘোষণা দেন। ভিডিওবার্তায় তিনি বলেন,

“আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, একজন ক্রিকেটার থেকে শুরু করে পুরো ক্রিকেট সম্প্রদায়কে নিয়ে যেভাবে শব্দচয়ন করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন বোর্ড পরিচালক হিসেবে আরও দায়িত্বশীল ও চিন্তাশীল ভাষা ব্যবহার করা উচিত ছিল।”

তিনি আরও বলেন,
“বিভিন্ন ইস্যুতে আমরা বারবার ক্রিকেট বোর্ডকে সময় দিয়েছি। ফার্স্ট ডিভিশন লিগসহ একাধিক বিষয়ে আলোচনা ও সমাধানের চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতা হলো—আজ পর্যন্ত কোনো একক সমস্যারও কার্যকর সমাধান আমরা পাইনি।”

কোয়াব সভাপতি অভিযোগ করে বলেন,
“সর্বশেষ যে মন্তব্যটি বোর্ডের একজন পরিচালক করেছেন, তা পুরো ক্রিকেট অঙ্গনকে গভীরভাবে আঘাত করেছে। খেলোয়াড়রা এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“যদি তিনি আগামীকালের ম্যাচ শুরুর আগে পদত্যাগ না করেন, তাহলে কোয়াব দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বাধ্য হবে।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222