জামালপুরে এমপি প্রার্থীকে অপহরণের অভিযোগ

by Fatih Work

এমরান হোসেন, জেলা প্রতিনিধি জামালপুর

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়াকে অপহরণের পর মারধর করে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এমপি প্রার্থী লিটন মিয়া মেলান্দহ উপজেলার ছবিলাপুর গ্রামের কোরবান আকন্দের ছেলে। তিনি জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।খবর পেয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন।

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ফেসবুক পোস্টে লেখেন, ‘দুপুর থেকে এমপি প্রার্থী লিটন মিয়ার খোঁজ মিলছে না। মোবাইল বন্ধ।’

উদ্ধারের পর আহত লিটন মিয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ফিরে এসে জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ে স্পাইসি ড্রাগন নামে একটি হোটেলে খাবার খান। পরে হেঁটে হেঁটে বিজয় চত্বরে গিয়ে দাঁড়ান। এরপর তিনি চত্বর থেকে একটু সামনে এগিয়ে মেলান্দহ রোডে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ একটি মাইক্রোবাসে ৬/৭ যুবক এসে তাকে জোরপূর্বক তুলে নেয়। গাড়িতে তার চোখ-মুখ হাত বেধে মারধর করেছে এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে।একপর্যায়ে আহত লিটন মিয়াকে মহিরামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে যায়।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোন নিজে ইচ্ছে করে বন্ধ করে দেন। সোমবার অপরিচিত কিছু ব্যক্তি তাকে হুমকি দিয়েছিল।

এ বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছিলেন কিনা জানতে চাইলে তিনি সন্তোষজনক কোন উত্তর দিতে পারেননি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘ট্রাক মার্কার এমপি প্রার্থী লিটন মিয়াকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কিছু প্রশ্নের উত্তর এখনো মিলছে না।’ পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222