রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ইয়াসমিন (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, ইয়াসমিনের ২য় স্বামী নজরুল ইসলাম তাকে হত্যা করে পালিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে কদমতলী থানা পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যায় নুরপুর এলাকার একটি ৪র্থ তলা বাড়ির ২য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াসমিন তার দ্বিতীয় স্বামী নজরুল ইসলামের সঙ্গে ওই বাসায় থাকতেন। নিহতের প্রথম পক্ষের ছেলে আল আমিন জানান, গত মঙ্গলবার রাতে নজরুল তাকে ফোন করে বলেন, ‘তোমার মায়ের খোঁজ নিও।’
গতকাল বুধবার বিকালে আল আমিন ওই বাসায় গিয়ে দেখেন বাইরে থেকে ছিটকিনি লাগানো। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে বিছানায় শোয়ানো অবস্থায় ইয়াসমিনের লাশ উদ্ধার করে।
নিহত ইয়াসমিন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে। এই ঘটনায় কদমতলী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এআইএল/
