ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করায় ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শেখ রমজান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সক্রিয় থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর বলেন, “দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপি জোটের মনোনীত প্রার্থী খেজুরগাছ প্রতীকের পক্ষে কাজ করা বাধ্যতামূলক। বহিষ্কৃতরা এ নিয়ম অমান্য করেছেন।”
উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
এমএআর/
