মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- ফয়সাল (২২), নিরব (১৩) ও ইকরাম (১০)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ-৩ আসনের ফুটবল প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থকরা, যাদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আছেন, তাদের ওপর হামলা চালান। মুহূর্তের মধ্যে দুইপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের হাতে দেশি ও বিদেশি অস্ত্রও দেখা যায়। আহতদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ ফের মাথাচাড়া দেয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে এবং জড়িতদের আটক করার চেষ্টা চলছে। যৌথ অভিযানে বিজিবির সদস্যরাও অংশগ্রহণ করছেন।
এমএআর/
