নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসিকে বিশাল গণসংবর্ধনা প্রদান করেছে রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ২টায় রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর আড়াকান্দায় এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জসিম আহমেদ জাহাঙ্গীর ও প্রচার কমিটির আহ্বায়ক বশির আহম্মদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন আহমেদ ব্যতিক্রমী মানপত্র পাঠ করেন এবং তা তাঁর হাতে তুলে দেন।
চরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে হাজারো মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলসহকারে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়। আশরাফুল ইসলাম চঞ্চল ও কামাল হোসেনের নেতৃত্বে আয়োজিত এ সংবর্ধনাকে চরবাসী স্মরণীয় করে রাখতে উষ্ণ অভ্যর্থনা জানায়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন,
“দেশের জন্য ভালো ও উন্নয়নমূলক কাজ করতে পারলে ভালো লাগে। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, চরাঞ্চলে থানা বাস্তবায়নের পর মেঘনা নদীতে সেতু নির্মাণের জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে এবং শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি চরাঞ্চলের সহিংসতা, হানাহানি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শান্তিপূর্ণ ও বাসযোগ্য চর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, “চাঁদাবাজি ও নৈরাজ্য বাদ দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, তবেই শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।”
মোহাম্মদ ওয়াহিদ হোসেন আরও বলেন, রায়পুরা চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাকে ও তার পরিবারকে সম্মান জানানোয় চরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেট এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) বায়েজিদ বিন মনসুর, ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাজ্জাদ হোসেন, নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক ডা. ইমরান সরকার, কটিয়াদি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আতাউর রহমান, রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমানসহ প্রশাসন, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সমাজসেবকরা।
এমএআর/
