গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোট প্রদানের হার এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ তথ্য সংগ্রহ করবে কমিশন।
গত সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ পরিপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে চূড়ান্ত বেসরকারি ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই বিশেষ তথ্য সংগ্রহ ও পরিবেশন কার্যক্রম চলবে। প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত ‘প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে মাঠপর্যায়ের সর্বশেষ পরিস্থিতি ও ফলাফল প্রচার করা হবে। নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম, পদবি এবং যোগাযোগের মাধ্যমগুলো আগেই নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বরত কর্মকর্তারা যাতে দ্রুততম সময়ে যোগাযোগ নিশ্চিত করতে পারেন, সেজন্য বিকল্প ইন্টারনেট ব্যবস্থা ও ই-মেইল ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ফলাফল ব্যবস্থাপনাকেন্দ্রিক কারিগরি প্রস্তুতি নিয়ে জানানো হয়েছে, প্রতিটি নির্বাচনী এলাকায় গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল যথাযথভাবে সংগ্রহের জন্য ইসির নিজস্ব ‘ইএমএস সফটওয়্যার’ ব্যবহার করা হবে। এই সফটওয়্যারের মাধ্যমে ডাটা এন্ট্রি ও ফলাফল প্রেরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবলকে ইতিমধ্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া নেটওয়ার্ক নিশ্চিত করতে মডেমের পাশাপাশি স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সংযোগ ব্যবহারেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য ল্যাপটপ, স্ক্যানার ও প্রিন্টারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
টিএইচএ/
