ভাগ্যের কী অদ্ভুত পরিহাস! একসময় যে সবুজ জার্সিতে বিশ্বমঞ্চ কাঁপিয়েছেন, এখন সেই দলের বিপক্ষেই অন্য দেশের হয়ে বল হাতে নামতে যাচ্ছেন এহসান আদিল। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করা এই পেসার এখন বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। চলমান আসরে নিজের জন্মভূমির বিপক্ষেই মাঠে নামার এক রোমাঞ্চকর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
মাত্র ২০ বছর বয়সে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এহসানের। প্রতিভার স্বাক্ষর রেখে অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার গ্রায়েম স্মিথকে নিজের প্রথম শিকারে পরিণত করেছিলেন এই দীর্ঘদেহী পেসার। ২০১৩ সালে সেঞ্চুরিয়নে সেই রাজকীয় অভিষেকের পর ২০১৫ বিশ্বকাপে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের বোলিং আক্রমণে ছিলেন তিনি। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে ইনজুরি আর ফর্মের টানাপোড়েনে একসময় জাতীয় দল থেকে ছিটকে পড়েন। এরপর ক্যারিয়ারের নতুন মোড় নিতে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রের মূল স্কোয়াডে শুরুতে না থাকলেও কপাল খুলেছে জাসদিপ সিং ইনজুরিতে পড়ায়। তার বদলি হিসেবেই ডাক পেয়েছেন আদিল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র। যদি শেষ পর্যন্ত তিনি একাদশে জায়গা পান, তবে সেটি হবে তার জন্য এক চূড়ান্ত আবেগঘন মুহূর্ত। অতীতে পাকিস্তানের হয়ে তিন টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলা এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার ২০১৫ সালের বাংলাদেশ সফরের পর থমকে গিয়েছিল। ইনজুরির কারণে সেবার ঢাকা থেকে ফিরতে হয়েছিল খালি হাতে।
টিএইচএ/
