আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় আট লাখ কর্মকর্তা মাঠে দায়িত্ব পালন করবেন।
ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে থাকবেন। তারা সংশ্লিষ্ট আসনে ভোটগ্রহণ ও ফলাফল ব্যবস্থাপনার সার্বিক তদারকি করবেন।
সারা দেশে মোট ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ ভোটকেন্দ্র এবং ২১ হাজার ৫০৬টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোটগ্রহণ পরিচালনায় প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার থাকবেন, যার সংখ্যা ৪২ হাজার ৭৭৯ জন। সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার থাকবেন ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
সব মিলিয়ে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন আশা করছে, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
টিএইচএ/
