কিশোরগঞ্জে মোনাজাত দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ

by Abid

এক অনন্য আধ্যাত্মিক আবহে কিশোরগঞ্জে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জেলার ৯১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর আগে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মোনাজাতের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সূচনা করেন ভোটাররা।

বিজ্ঞাপন
banner

পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘিরে দেখা যায় ব্যতিক্রমী দৃশ্য। ভোটগ্রহণ শুরুর ঠিক আগে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আফসার উদ্দিনের নেতৃত্বে ভোটাররা সমবেত হয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া শেষে তারা শান্ত ও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মাওলানা আফসার উদ্দিন জানান, দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও শৃঙ্খলা কামনায় দোয়া করা হয়েছে।

জেলায় ৫ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটগ্রহণ চলছে। ছয়টি সংসদীয় আসনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছে ২০ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৭৩ জন সেনাসদস্য, ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ১২ হাজার আনসার সদস্য এবং র‍্যাবের টহল দল।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৪০ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজারের বেশি, নারী ভোটার ১৩ লাখ ৩২ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন। ভোটগ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫ হাজার ১০৫টি ভোটকক্ষ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222