ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমার ভোটাররা বেশিরভাগ ‘জেন-জি’। তারা শাপলাকলিতে উৎসবমুখরভাবে ভোট দেবে। তাদের সঙ্গে কেউ ঝামেলা করতে চাইলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই জেন-জিদের সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ দিন।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, নারীরা দলে দলে ভোট দিতে আসছেন। কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে তাদের শক্ত হাতে দমন করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হবে।
তিনি নিজের ভোটের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “আমাকে ভোট দিলে সেটা আসলে আমার জন্য নয়, বরং ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে। নির্বাচনে হেরে গেলে যে পরিশ্রম করেছি, তা দ্বিগুণ করে দেব।”
প্রার্থী বলেন, জেন-জিদের ভালোবাসা ও সমর্থন তাকে উৎসাহিত করছে। তারা রাত জেগে কাজ করেছেন এবং ভোট দিতে কেন্দ্রগুলোয় উপস্থিত হবেন। হারের পরও সরকার দলসহ সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
টিএইচএ/
