কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সবকটি ভোটকেন্দ্রেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বিশাল জয় পেয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচনের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষিত হওয়ার পর দেখা যায়, শাপলা কলি প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৭২ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন মাত্র ২৬ হাজার ভোট। দেবিদ্বারের ১১৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই হাসনাত আব্দুল্লাহ বড় ব্যবধানে জয়ী হয়ে এক অনন্য রেকর্ড গড়লেন।
বিজয়ী হওয়ার পর এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ তার এই লড়াইকে কেবল ব্যক্তিগত জয় হিসেবে না দেখে ‘জনতার জয়’ হিসেবে অভিহিত করেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় এই নির্বাচনের প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, ‘এই নির্বাচন ছিল হাসনাত আব্দুল্লাহ বনাম বিএনপি, আওয়ামী লীগ, ভারতের প্রভাব, লুটেরা ব্যবসায়ী, চাঁদাবাজ, মাদক সম্রাট ও ভূমিদস্যুদের এক সম্মিলিত সিন্ডিকেটের লড়াই। কিন্তু আমার শক্তি ছিল সাধারণ মানুষ। দিনশেষে জনতার আস্থাই এখানে বিজয়ীর বেশে ফিরে এসেছে।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এনসিপির এই শীর্ষ সংগঠক বলেন, তার প্রথম লক্ষ্য হলো সমাজ ও প্রশাসনে ‘ইনসাফ’ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তিনি জোর দিয়ে বলেন, এমনকি যারা তার রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রু, তাদের সঙ্গেও ন্যায়সঙ্গত আচরণ করা হবে। এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে তিনি আমৃত্যু কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
টিএইচএ/
