টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আবারও স্বপদে বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার ভিত্তিতে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।
যেসব ইউনিয়নে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে সেগুলো হলো— দেউলাবাড়ি, ঘাটাইল সদর, জামুরিয়া, লোকেরপাড়া, আনেহলা, দিগড়, দেওপাড়া, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, সংগ্রামপুর, লক্ষিন্দর ও সাগরদিঘী।
জানা গেছে, সংশ্লিষ্ট রিটের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনার আলোকে আগের প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ নভেম্বর জারি করা এক স্মারকের মাধ্যমে ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশনার পর সেই আদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, “আমরা হাইকোর্টে রিট করেছিলাম। সেই রিটের প্রেক্ষিতেই আজ পরিপত্র জারি হয়েছে। আমরা আবার স্বপদে বহাল হলাম। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা দায়িত্ব যথাযথভাবে পালন করবো।”
এ বিষয়ে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুম বলেন, “আদালতের নির্দেশনার পর বিভাগীয় কমিশনার তদন্ত করে সঠিক তথ্য পাওয়ায় চেয়ারম্যানদের পুনর্বহালের নির্দেশ দেন। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি জারি করা হয়েছে।”
এমএআর/
