টিকটকারদের অত্যাচারে অতিষ্ঠ পাগলাগারদের মানুষজন

by Abid

দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতাল এখন সাধারণ মানুষের অবাধ বিচরণ ও বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে কথিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকারদের অত্যাচারে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ঘুষ দিয়ে ভেতরে ঢুকে রোগাক্রান্ত ব্যক্তিদের উত্ত্যক্ত করে অপমানজনক ভিডিও তৈরি করা হচ্ছে, যা পরবর্তীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটররা প্রকাশ্যেই রোগীদের সামনে বিকৃত অঙ্গভঙ্গি প্রদর্শন করে ভিডিও ধারণ করছেন। অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জনপ্রতি ৫০ টাকা করে ঘুষ দিয়ে ভেতরে প্রবেশ করছেন এসব বহিরাগত দর্শনার্থী। স্থানীয়দের অভিযোগ, আনসার সদস্যদের মাধ্যমে সংগৃহীত এই অবৈধ অর্থ একটি প্রভাবশালী সিন্ডিকেটের পকেটে যাচ্ছে। এই অব্যবস্থাপনার কারণে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম শফিউল আজম উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন কর্মকাণ্ডে মানসিক রোগীদের চিকিৎসায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। টিকটকাররা রোগীদের অতীতের দুঃখ-দুর্দশার কথা মনে করিয়ে দিয়ে তাদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলছে। বিষয়টি স্বীকার করে হাসপাতালের পরিচালক শাফকাত ওয়াহিদ বলেন, এটি নিঃসন্দেহে একটি জঘন্য কাজ। হাসপাতালের পক্ষ থেকে কঠোর নির্দেশনা থাকলেও কিছু অসাধু সদস্যের কারণে এমনটি ঘটছে। ইতোমধ্যে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুইজন আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।

১৯৫৭ সালে পাবনা শহরের হেমায়েতপুরে ১১১ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই হাসপাতালটি শুরুতে ৬০ শয্যার থাকলেও বর্তমানে তা ৫০০ শয্যায় উন্নীত হয়েছে। তবে দেশের এই গুরুত্বপূর্ণ বিশেষায়িত হাসপাতালের ভাবমূর্তি রক্ষা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা মনে করেন, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা না গেলে হাসপাতালের মূল উদ্দেশ্যই ভেস্তে যাবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222