৩৫ বাড়িতে ভাঙচুর ও লুটপাট, শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ

by Fatih Work

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৩৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে এই সংঘর্ষ ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াকুব মণ্ডল ও মাহমুদুল হাসান টিটো সমর্থকদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল।

বিরোধের জেরে রবিবার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার সময় চাকদাহ ব্রিজের নিকটে ইয়াকুব মণ্ডলের সমর্থকরা মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখকে মারার জন্য ধাওয়া করে। রাত ৮টার দিকে হাফিজার, আমিন উদ্দিন, পাঞ্জাব আলীসহ অন্তত ২০ জনের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এই ঘটনায় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাল্টা হামলায় মাহমুদুল হাসান টিটোর সমর্থকেরা ইয়াকুব মণ্ডলের সমর্থক মিজানুর রহমান, হাসেম, তারিকুল, শামসুসহ অন্তত ১৫ জনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

ভাঙচুর ও লুটপাটের শিকার মাহমুদুল হাসান টিটোর সমর্থক ওমর আলী বলেন, “ইয়াকুব মণ্ডলের সমর্থক মোজাম্মেল, হামিদুল, আকিদুল প্রায় ২’শ থেকে ৩’শ লোক নিয়ে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আমার বেটার বউকে মারছে, দুই পা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”

ইয়াকুব মণ্ডলের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগম বলেন, “বাজারে কারা দাবাড়াইছে শুনে দেখলাম সবাই ঢাল-সর্কি গোছাচ্ছে। পরে আড়ুম-দুড়ুম করে আমাদের বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়। আমি চাই এ ঘটনার সঠিক বিচার হোক।”

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222