নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে গভীর রাতে দরজার বাইরে তালা ঝুলিয়ে এক ছাত্রদল নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘরটি মূল্যবান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের গ্রামের বাড়িতে তার বাবা মো. বেলাল মিয়া বসবাস করতেন। তবে ঘটনার রাতে তিনি ঘরে ছিলেন না। অভিযোগ রয়েছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দরজা খুলতে গিয়ে বাইরে তালা ঝুলতে দেখেন তারা। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজন বলেন, তার বাবা ঘরে না থাকায় প্রাণহানি এড়ানো গেছে। তিনি অভিযোগ করেন, প্রকল্প বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে তিনি প্রকাশ্যে বক্তব্য দেন এবং অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন। এর জের ধরেই সন্ত্রাসীরা তার ঘরে আগুন দিয়েছে বলে তিনি মনে করেন।
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় ধারাবাহিক সহিংস ঘটনা ঘটছে। শান্ত হাতিয়াকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তিনি আগুন সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, তিনি বিষয়টি সাংবাদিকের কাছ থেকে শুনেছেন; বিস্তারিত জেনে পরে বক্তব্য দেবেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএআর/
