এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাই ও ভাতিজাকে দা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার গোয়ালগাঁও এলাকার জেলখানা রোডে এ ঘটনা ঘটে। দা নিয়ে হত্যাচেষ্টার একটি ভিডিও মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার গোয়ালগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবদুল কাদের টিটুর সঙ্গে তার ভাই, পুলিশ সদস্য আলী আকবরের পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ বিষয়ে আবদুল কাদের টিটু বলেন, “আমার দখলীয় ১৯ শতাংশ জমিতে মঙ্গলবার বিকেলে চাষ করতে গেলে আমার ভাই আলী আকবর (পুলিশ সদস্য) বাধা দেন। একপর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে একটি দা (দেশীয় অস্ত্র) বের করে, হেলমেট মাথায় পরে দা নিয়ে আমাকে ও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি চলে যান।”
তিনি আরও বলেন, “আমার বাবাকে ভুলিয়ে-ভালিয়ে তিনি কয়েক কোটি টাকার জমি গোপনে নিজের নামে লিখে নিয়েছেন। এখন আমার দখলীয় জমিও বেদখলের পাঁয়তারা করছেন। আমার ভাই পুলিশ সদস্য হওয়ায় তিনি দাপট দেখাচ্ছেন। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তা চাই।” একই সঙ্গে পুলিশ সদস্য ভাইকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান ভুক্তভোগী আবদুল কাদের টিটু।
দা নিয়ে হত্যাচেষ্টার ভিডিও ভাইরালের বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশ সদস্য আলী আকবরকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএআর/
