নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে পাঁচজনকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে।
বুধবার রাত প্রায় ১২টার দিকে কাঁচপুর পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে নীরব নামের এক যুবকের মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় নীরব পাঁচ থেকে সাতজনকে সঙ্গে নিয়ে অভিযুক্ত আমিন মিয়ার কাছে মোবাইল ফোন ফেরত চান। আমিন মিয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের খেলার মাঠে নিয়ে যান।
খেলার মাঠে কথা কাটাকাটির একপর্যায়ে আমিন মিয়া উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহতরা হলেন— নীরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই কাঁচপুরের রায়েরটেক এলাকার বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে আহতদের স্বজন ও স্থানীয়রা আমিন মিয়াকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আমিন মিয়া কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
এ ঘটনায় গুরুতর আহত নীরব মিয়ার খালা শিউলি রাত ৩টার দিকে বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এমএআর/
