নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভুঁইয়া ওরফে ‘সোর্স বাবু’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ৩৩ বছর বয়সী সজীব ভুঁইয়া বিভিন্ন সময় নিজেকে র্যাব ও পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিতেন। কখনও ডিবি, কখনও র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া র্যাব ও পুলিশ সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সঙ্গে ১০ থেকে ১২ সদস্যের একটি চক্র সক্রিয় ছিল বলে জানিয়েছে র্যাব।
লেফটেন্যান্ট নাঈম উল হক জানান, বিষয়টি নজরে আসার পর র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএআর/
