এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুরমান আলী উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কুরমান আলী মানসিকভাবে অসুস্থ ও কানে কম শুনতেন। সকালে নিজ বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার আগমুহূর্তে ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়া কুরমান আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএআর/
