ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় দুধে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১৫ থেকে ১৬ কেজি দুধে পানি মেশানোর প্রমাণ পাওয়ায় তা নষ্ট করে মাটিতে ফেলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত রাখতে দুই বিক্রেতার মাথায় প্রতীকীভাবে সামান্য দুধ ঢেলে সতর্ক করা হয়।
বুধবার বিকেল ৫টার দিকে পৌরসভার কাঁচামাটিয়া সেতুসংলগ্ন দুধমহালে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারের নেতৃত্বে অভিযানে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতি কেজি দুধ ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হলেও ক্রেতাদের পক্ষ থেকে তাতে পানি মেশানোর অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে দুধ পরীক্ষা করা হলে অনিয়মের সত্যতা মেলে। এরপর সংশ্লিষ্ট দুধ তাৎক্ষণিকভাবে ফেলে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ‘বিডি লিমন রহমান’ নামের একটি আইডি থেকে ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, আধুনিক যন্ত্রের সাহায্যে দুধ পরীক্ষা করে পানি মেশানোর প্রমাণ পাওয়া গেছে।
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তার জানান, রোজা শুরুর আগ থেকেই দুধে পানি মেশানোর অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযান চালিয়ে ১৫–১৬ কেজি দুধে পানি মেশানোর প্রমাণ মেলায় তা নষ্ট করা হয়েছে। অন্য বিক্রেতাদের দুধে কোনো সমস্যা পাওয়া যায়নি। ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের কাজ না করে, সে জন্য দুজন বিক্রেতার মাথায় সামান্য দুধ ঢেলে সতর্ক করা হয়েছে।
এমএআর/
