নিজের খরচে কাজ, সরকারি সুবিধা ছাড়লেন কৃষিমন্ত্রী

by Fatih Work

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন জানিয়েছেন, মন্ত্রী হওয়ার পর থেকে তিনি নিজের গাড়ি এবং নিজের অর্থে কেনা তেল ব্যবহার করছেন। সরকারি গাড়ি বা তেলের খরচ ব্যবহার করেননি। তিনি বলেন, “যতদিন মন্ত্রী থাকবো, সরকারি গাড়ি ব্যবহার করবো না। এছাড়া সরকারি বেতন-ভাতাও গ্রহণ করব না।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী আরও বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা তিনি স্থাপন করেছেন। স্থানীয় উৎসাহ ও সহযোগিতার কারণে কুমিল্লায় একটি শিল্প বিপ্লব হয়েছে এবং অনেক কারখানা গড়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, এ অগ্রগতি অব্যাহত থাকবে।

আমিন-উর-রশীদ ইয়াছিন বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান প্রথমে কৃষিকে আধুনিকতার সঙ্গে পরিচিত করান। আখতার হামিদ খানের উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ আজও দেশ-বিদেশে সমাদৃত। নিজেও একজন কৃষক হিসেবে তিনি জানেন কীভাবে ধান ফলানো যায় এবং কুমিল্লাসহ সারা দেশের কৃষির উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

মন্ত্রী জানান, কুমিল্লা বরাবরই কৃষিতে পথিকৃৎ জেলা। এ জেলার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কুমিল্লার ট্যাংক ও ব্যাংকের নগরী হিসেবে ঐতিহ্য বজায় রাখার জন্যও কাজ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222