বগুড়ায় অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের বক্তব্য অনুযায়ী, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। মামলাটি রুবেল প্রামাক নামে এক ব্যক্তি ৩০ আগস্ট দায়ের করেছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ৩০ আগস্টের ঘটনার দিনে কলেজের সামনে চা পানকালে মিজানুরসহ ৪–৫ জন মোটরসাইকেলে এসে রুবেলকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা নেওয়া হয় এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এমএআর/
