ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী শূন্য হওয়া শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনে আগামী ১৪ এপ্রিলের মধ্যে উপ-নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সম্প্রতি কমিশনের এক উচ্চপর্যায়ের সভায় সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় এই সময়সীমার মধ্যে ভোটগ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করলে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। অন্যদিকে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুটি আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। আইন অনুযায়ী একটি আসন রেখে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপ-নির্বাচন আবশ্যক হয়ে পড়ে। এই দুই আসনেই নতুন জনপ্রতিনিধি নির্বাচনে এখন তোড়জোড় শুরু করেছে কমিশন।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৪ এপ্রিলের সময়সীমা সামনে রেখে দ্রুতই এই দুই আসনের উপ-নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করা হবে। স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে পুনরায় সব প্রার্থীকে সুযোগ দেওয়া হবে নাকি শুধু নতুন প্রার্থীর মনোনয়ন হবে, সে বিষয়ে আইনি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে।
টিএইচএ/
