রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮), যিনি রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় তিনি উপস্থিত ছিলেন।
মো. আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর পাটোয়ারী শনিবার দুপুরে ইন্তেকাল করেন। বাবার শেষ দেখা ও জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আলাউদ্দিনের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমোদনে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
নির্ধারিত সময়ে পুলিশি নিরাপত্তায় আলাউদ্দিনকে জানাজাস্থলে নেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে একটি জার্মান তৈরি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি ওই মামলায় জেলা কারাগারে রয়েছেন।
এমএআর/
