যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার ১৬০ টাকা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি আব্দুর রউফ (৪২)। তিনি যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে।
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ভোরে সেখানে অবস্থান নেয়। পরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আব্দুর রউফকে আটক করা হয়। তার প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি বেনাপোলের দিকে যাচ্ছিলেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএআর/
