শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমড়া রাবার বাগান এলাকায় ভারতীয় মদ ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসময় ঝিনাইগাতী উপজেলার গোমড়া রাবার বাগান এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদসহ মো. লাল চাঁন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করে হলদীগ্রাম বিওপির সদস্যরা। আটকৃত লাল চাঁন উপজেলার রাংটিয়া এলাকার গোমড়া গ্রামের স্থানীয় শামসুল হকের ছেলে।
আটকৃত লাল চাঁনের কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ এবং একটি ইনফিনিক্স মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা বলে জানা গেছে। এই ঘটনায় লাল চাঁনসহ আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
এমএআর/
