বন্ধ বিমানবন্দর পুনরায় চালু করা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ রয়েছে। নানা কারণে বিগত সরকার এগুলো বন্ধ করেছে। যেমন ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়া একদম চালু এয়ারপোর্ট ছিল। এগুলোকে বন্ধ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা এই বন্ধ বিমানবন্দরগুলোকে পুনরায় চালু করবো। তারপর পরিকল্পনা হাতে নিলে, যদি নতুন কোনো বিমানবন্দর কোনো বিভাগে করা হয়, তাহলে সেটি ময়মনসিংহে হবে।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান হজ্বের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। বিমান একটি ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ছিল। পরে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখালাম, ক্ষতিগ্রস্থ কেন ছিল।”

তিনি বলেন, “বিমানকে লাভজনক করা এবং টিকেটের দাম কমানো সম্ভব। এটা সম্ভব যদি সকলের সদিচ্ছা থাকে। আমরা হিসাব করেও দেখেছি যে, বিমানের টিকেটের দাম কমানো সম্ভব। আপনাদের হাতের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে, ইনশাআল্লাহ।”

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি স্থবির হয়ে পড়ে বলে জানিয়ে সেই হত্যা মামলায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এছাড়াও জেলার নানা সমস্যার সমাধান ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, জেলা প্রশাসক মোঃ ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222