স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁওবাসীর ভালোবাসা ও সমর্থনের জন্য আমি চিরঋণী। তাদের আস্থাই আমাকে কাজ করার প্রেরণা দিয়েছে।”
উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। পাশাপাশি বন্ধ বিমানবন্দর সচল করা এবং ইপিজেড স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর চেতনাকে ধারণ করে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে চাই।”
ইফতার মাহফিলে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ-উজ-জামানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএআর/
