মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সর্বাত্মক যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৫ মার্চ) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় (Security Alert) এই নির্দেশনা জারি করা হয়। বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা যেকোনো সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে, তাই বাণিজ্যিক ফ্লাইটের সুযোগ থাকতেই নাগরিকদের দ্রুত প্রস্থান করা উচিত।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান সংঘাতময় ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর ওয়াশিংটন গভীর নজর রাখছে। নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নির্দেশনা জারি করেছেন। এছাড়া যারা এই মুহূর্তে দেশ ছাড়তে পারছেন না, তাদের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ বা নিরাপদ স্থানে আশ্রয়ে থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ইতোমধ্যেই তাদের নিজ নিজ বাসভবন বা নিরাপদ ভবনে জানালার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ নাগরিকদের অন্তত এক সপ্তাহের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ইরানের নিক্ষেপ করা একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। রিয়াদ বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ক্রমাগত ড্রোন হামলার চেষ্টার কারণে আকাশপথের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে রিয়াদ, জেদ্দা ও ধাহরানস্থ মার্কিন কনস্যুলেটগুলো তাদের সকল রুটিন কনস্যুলার সেবা স্থগিত করেছে। দূতাবাস সতর্ক করেছে যে, পরিস্থিতি আরও অবনতি হলে নাগরিকদের উদ্ধার করা কঠিন হয়ে পড়বে, তাই বর্তমান বাণিজ্যিক অপশনগুলো ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ হবে।
