স্বাধীনতা দিবসের ছুটিতে মোটরসাইকেল যোগে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে চকরিয়ায় বাসচাপায় দুই পর্যটক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজধানীর উত্তরখান এলাকার আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে আসা পর্যটকদের বহনকারী একটি মোটরসাইকেল কক্সবাজারের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী ও বেপরোয়া ‘লাল-সবুজ পরিবহন’-এর একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। একই সময় বাসটি একটি অজ্ঞাতনামা ট্রাককেও ধাক্কা দিলে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ও শিশিরকে মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাল-সবুজ পরিবহনের বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
টিএইচএ/
