রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তল্লাশি অভিযানে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হলে প্রাণহানির এই ভয়াবহ চিত্র উঠে আসে।
এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুন এলাকায় ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি নদীতে পড়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি পানি থেকে ওপরে তোলা হয়।
ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। নিহতদের মধ্যে ২৪ জনের মরদেহ পরিচয় শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের ভাষ্যমতে, ঢাকা অভিমুখে যাত্রা করা বাসটিতে প্রায় ৪০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। বাসটি পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তেই তা গভীর পদ্মায় তলিয়ে যায়। এ সময় ৫ থেকে ৭ জন যাত্রী জানালা দিয়ে বেরিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা বাসের ভেতরেই আটকা পড়েন। নিহতদের মধ্যে বাসের চালক আরমান খানও (৩১) রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই ট্র্যাজেডির প্রকৃত কারণ উদঘাটনে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত ২৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন: রেহেনা আক্তার (৬১), মর্জিনা খাতুন (৫৬), রাজীব বিশ্বাস (২৮), জহুরা অন্তি (২৭), কাজী সাইফ (৩০), মর্জিনা আক্তার (৩২), শিশু ইস্রাফিল (৩), সাফিয়া আক্তার রিন্থি (১২), ফাইজ শাহানূর (১১), তাজবিদ (৭), বাসচালক আরমান খান (৩১), নাজমিরা বা জেসমিন (৩০), লিমা আক্তার (২৬), জোস্ন্যা (৩৫), মুক্তা খানম (৩৮), নাছিমা (৪০), আয়েশা আক্তার সুমা (৩০), সোহা আক্তার (১১), আয়েশা সিদ্দিকা (১৩), ৭ মাস বয়সী শিশু আরমান, আব্দুর রহমান (৬), সাবিত হাসান (৮), আহনাফ তাহমিদ খান (২৫), উজ্জ্বল, আসরাপুল ও জাহাঙ্গীর।
টিএইচএ/
