এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরে পেট্রোল ও অকটেন না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই অবরোধের ঘটনা ঘটে। এর ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ও ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা জানান, সোমবার ভোর থেকেই ইসলামপুর উপজেলার ঝর্ণা ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সংগ্রহের জন্য কয়েকশ চালক লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল ৬টার দিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় যে তাদের কাছে জ্বালানি তেল মজুত নেই এবং এখনও নতুন সরবরাহ আসেনি। এই ঘোষণায় অপেক্ষমাণ চালকরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা উত্তেজিত আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন এবং পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ ২ ঘণ্টা পর অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছিল, যা স্বাভাবিক হতে বেশ সময় লাগে।
ঝর্ণা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম এ বিষয়ে জানান, সোমবার তেল সরবরাহ করার কথা থাকলেও বিশেষ কারণে যথাসময়ে তেলের গাড়ি পাম্পে পৌঁছাতে পারেনি। ফলে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। তেলের গাড়ি পাম্পে আসার পর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে দ্রুত সরবরাহ শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
টিএইচএ/
