রুয়েটে অনুষ্ঠিত হলো আঞ্চলিক রোডশো-‘ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প’

by naymurbd1999@gmail.com

রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প’-এর রাজশাহী আঞ্চলিক রোডশো। গত শনিবার (২৬ এপ্রিল) রুয়েট অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে আগ্রহী সফটওয়্যার ডেভেলপার, প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী, শিল্পখাতের পেশাজীবী ও একাডেমিক ব্যক্তিত্বদের মিলনমেলায় পরিণত হয় ক্যাম্পাস।

রুয়েট কম্পিউটিং সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ রোডশোতে রুয়েটের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন
banner

আয়োজক সূত্রে জানা যায়, জাতীয় পর্যায়ের এ বুটক্যাম্প উদ্যোগটি রবী আজিয়াটা পিএলসি, মিয়াকি মিডিয়া লিমিটেড এবং এইচসেনিড মোবাইল সল্যুশনসের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। দেশের ভবিষ্যৎ সফটওয়্যার ডেভেলপারদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিভিত্তিক মানবসম্পদ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের সূচনায় রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাহির আশেফ বুটক্যাম্পের লক্ষ্য, কাঠামো এবং বিডিএপিপিএস (BDAPPS) উদ্যোগের আওতায় পরিচালিত তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, অংশগ্রহণকারীদের পেশাদার অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ পরিচালিত হবে এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ অংশীদার হিসেবে কাজ করবে ওস্তাদ ডটকম।

পরবর্তীতে বিডিএপিপিএস টিম অংশগ্রহণকারীদের জন্য একটি ইন্টার‌্যাকটিভ কুইজ সেশনের আয়োজন করে, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শহিদুজ্জামান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী, ইসিই বিভাগের ওয়িশী জ্যোতি, সিএসই বিভাগের মো. আজমাইন ইয়াকিন সিরাজন ও মো. মাজহারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়াও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা জাতীয় পর্যায়ের এ ধরনের প্রযুক্তি উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা এবং পেশাগত প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বুটক্যাম্পের কাঠামো অনুযায়ী, রোডশো ও নিবন্ধনের মাধ্যমে শুরু হওয়া এ কার্যক্রম পরে টেকনিক্যাল ট্রেনিং, বিজনেস ট্রেনিং এবং জাতীয় পর্যায়ের গালা রাউন্ডের মাধ্যমে সম্পন্ন হবে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবিত অ্যাপ্লিকেশন শিল্পখাতের বিশেষজ্ঞ ও বিচারকদের সামনে উপস্থাপন করবেন।

অংশগ্রহণকারীদের জন্য থাকছে রবী স্বীকৃত অ্যান্ড্রয়েড ডেভেলপার সার্টিফিকেশন, দেশের বৃহৎ ডেভেলপার নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ, ন্যাশনাল অ্যাপ স্টোরের মাধ্যমে মনিটাইজেশন সহায়তা এবং জাতীয় পর্যায়ে পরিচিতি লাভের সুযোগ।

প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা পুরস্কারসহ বিশেষ প্রমোশনাল সুবিধা। পাশাপাশি প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী দলগুলোকেও বিভিন্ন নগদ পুরস্কার ও সহায়তা প্রদান করা হবে।

আয়োজকরা জানান, রাজশাহীর পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামেও এ রোডশো অনুষ্ঠিত হচ্ছে, যা জাতীয় পর্যায়ে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বৃহৎ উদ্যোগের অংশ।

সংশ্লিষ্টদের মতে, রুয়েটে আয়োজিত এ রোডশো কেবল শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বারই উন্মোচন করেনি, বরং রাজশাহী অঞ্চলে প্রযুক্তি উদ্ভাবন, সফটওয়্যার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222