পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিল।
তিনি তার ফেসবুক পেজে এক বার্তায় বলেন, “এই পবিত্র মাসে মন থেকে সব ধরনের ঘৃণা, হিংসা, বিদ্বেষ দূর করুন এবং একে অপরের প্রতি শান্তি ও ভালোবাসা প্রদর্শন করুন।”
রমজানের পবিত্রতা রক্ষার জন্য মাওলানা তারিক জামিল ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙা থেকে বিরত থাকার গুরুত্বও তুলে ধরেন। তিনি রাসূল সা. এর একটি হাদিস উল্লেখ করে বলেন, “তোমাদের সামনে রমজান মাস আসছে। এই মাসে আল্লাহ তায়ালা রহমত, বরকত ও মাগফেরাত নাজিল করেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। শয়তানকে বন্দি করেন।”
তিনি আরও বলেন, “যে ব্যক্তি রমজান মাসের কোনো রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তার কাজা কখনোই ঐ রমজান মাসের সমান হবে না, যদিও সে পুরো বছর কাজা করে।”
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মতো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সৌদি আরব, মিশর, লেবানন, আলজেরিয়া, মালয়েশিয়া, ব্রুনাইসহ আরও অনেক দেশে রমজান মাস শুরু হয়েছে। এই মাসে মুসলমানরা পুরো ৩০ দিন সেহরি ও ইফতার মাধ্যমে রোজা পালন করেন, দিনের বেলা পানাহার, ধূমপান, যৌনতা থেকে বিরত থাকেন এবং নেক আমল, দান-সদকা ও বেশি বেশি ইবাদত করেন।
মাওলানা তারিক জামিল তাঁর শুভেচ্ছা বার্তায় সকলকে রমজান মাসের পুণ্য লাভের জন্য আহ্বান জানান এবং একে অপরের জন্য দোয়া করার অনুরোধ জানান।
এনএ/
