আমিরুল ইসলাম লুকমান >>
জামায়াতে ইসলামী পাকিস্তানের নায়েবে আমির লিয়াকত বালুচ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের সাফল্য মুসলিম বিশ্বের ধ্বংসের পথ সুগম করবে। তার মতে, ইসরায়েলের পরাজয় না হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
বুধবার (১৮ জুন) ডেইলি জং সূত্রে জানা গেছে, লিয়াকত বালুচ বলেছেন, ‘আমেরিকা, ইসরায়েল ও ভারতের মধ্যকার ঘনিষ্ঠ জোট বৈশ্বিক শান্তির জন্য একটি বড় হুমকি। এই জোটের কর্মকাণ্ড মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের প্রয়োজন রয়েছে, যাতে বিশ্বমঞ্চে ইসলামী উম্মাহর স্বার্থ রক্ষা করা যায়।’
পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি মত প্রকাশ করেন। জনাব বালুচ বলেছেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জাতীয় নিরাপত্তার মূলভিত্তি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
সূত্র: ডেইলি জং।
এআইএল/
