আমিরুল ইসলামল লুকমান >>
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামাসকে যে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে হামাস অভ্যন্তরীণ আলোচনা চালাচ্ছে।
শুক্রবার (৪ জুলাই) জিও নিউজের বরাতে গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করছে এবং আগামী দুই দিনের মধ্যেই চূড়ান্ত জবাব দিতে পারে।
তুর্কি একটি সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস নতুন এই শান্তি প্রস্তাব গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আশা করছি, হামাস আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করবে। আমরা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছি।’
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন থেমে নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪৫ জন ত্রাণ পাওয়ার চেষ্টা করার সময় প্রাণ হারান।
মানবিক সংকটের মুখে থাকা গাজার জনগণ শান্তি ও যুদ্ধবিরতির আশায় প্রহর গুনছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ালেও এখনো কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
সূত্র: জিও নিউজ।
এআইএল/
