রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
বুধবার (৬ আগস্ট) সকালে তিনি মস্কো পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাশিয়ার বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ।
পরে পুতিনের সাথে বৈঠকে বসেন উইটকফ। ভিডিওতে দেখা যায় বৈঠকে বসার আগে পুতিনের সাথে হাত মেলাচ্ছেন তিনি। সিএনএন ওই তথ্য দিয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প যে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন, তা এড়ানোর শেষ চেষ্টা হিসেবেই এই সফর।
তবে ইউক্রেন ইস্যুতে উইটকফ এবং ট্রাম্পকে পুতিন কতটা বোঝাতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প প্রকাশ্যে পুতিনের ওপর অবিশ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে পুতিন ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল দখল এবং ইউক্রেনের সেনাবাহিনীকে সীমিত রাখার বিষয়ে আগের অবস্থানেই আছেন।
বৈঠকের আগের দিন ট্রাম্প জানান, তিনি বৈঠক শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। তিনি বলেন, আমরা দেখব কী হয়, তখনই সিদ্ধান্ত নেব। রাশিয়ায় পৌঁছানোর পর এক সাংবাদিকের প্রশ্নে উইটকফ বৈঠক নিয়ে কোনো প্রত্যাশার কথা জানাননি।
এআইএল/
