ভারত অধিনায়ক সূর্যকুমারের শাস্তির দাবি পাকিস্তানের

by Fatih Work

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের রাজনৈতিক বক্তব্যের কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। পিসিবির এই দাবির খবর জানানো হয়েছে পাকিস্তানের সামা টিভির মাধ্যমে।
দুবাইয়ে আইসিসির বৈঠকে পিসিবি দুটি দাবি জানিয়েছিল, এশিয়া কাপের দায়িত্ব থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়া এবং সূর্যকুমার যাদবকে শাস্তি দেওয়া। তবে পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চাওয়ায় প্রথম দাবি থেকে সরে এসেছে পিসিবি।
গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচের টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার। ম্যাচ শেষে করমর্দনও করেননি ভারতীয় দল।
পিসিবি অভিযোগ করে যে, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটই দুই দলের অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ভারত অধিনায়ক সূর্যকুমারের টস পরবর্তী বক্তব্যে ‘পেহেলগামে হামলার প্রসঙ্গ’ তুলে রাজনৈতিক মন্তব্য করেন। কিন্তু এ প্রসঙ্গ রাজনৈতিক বলে মনে হয়েছে পিসিবির।
সূর্যকুমার বলেছিলেন, আমি মনে করি, জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়ে বড়। আমাদের সরকার ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড)—আমরা সবাই একসঙ্গে এ সিদ্ধান্ত (পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো) নিয়েছিলাম। আমরা এখানে ওদের বিপক্ষে শুধু খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি।’
সূর্য আরও বলেন, ‘আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলায় সব ভুক্তভোগীর পাশে আছি। তাঁদের পরিবারের সঙ্গে আমাদের সংহতি আছে। আর যেমনটা বলেছি, এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের, যাঁরা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন। তাঁরা সব সময় আমাদের অনুপ্রেরণা জোগান। সুযোগ পেলে আমরাও চাই তাঁদের অনুপ্রেরণা দিতে।’
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল কয়েকজন বন্দুকধারী নিরীহ মানুষদের ওপর হামলা চালায়। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান, আহত হন ২০ জন। এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করে ভারত সরকার। হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করে বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যাদের পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার একটি শাখা মনে করে ভারত সরকার।
এর জেরে গত মে মাসে পাকিস্তানে হামলা করে ভারত। তাদের সামরিক অভিযানটির নাম ছিল অপারেশন সিঁদুর। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আগপর্যন্ত চার দিন সামরিক সংঘাতে জড়িয়েছিল প্রতিবেশী দুই দেশ।

টিএইচএ/

বিজ্ঞাপন
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222