নভেম্বরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় আসবে ভারত। একই সময়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ খেলবে আফগানিস্তান। দুটি ম্যাচই হবে ১৮ নভেম্বর।
তার আগে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। সেই ম্যাচে খেলবেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা।
এএফসি এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাকি দুই ম্যাচ লাল সবুজ দলের জন্য এক অর্থে নিয়মরক্ষার। চার ম্যাচে দুটিতে ড্রয়ের সুবাদে ২ পয়েন্ট হাভিয়ের কাবরেরার দলের। ভারতের বিপক্ষেই শিলংয়ে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ।
এরপর হংকং, চায়নার বিপক্ষে ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট লাভ করে লাল-সবুজেরা। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।
আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে কিছুটা শঙ্কটে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সময়ে জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা আর্চারির এশিয়ান চ্যাম্পিয়নশিপ। ৮-১৪ নভেম্বর পর্যন্ত হওয়া এই প্রতিযোগিতায় ৩০টির বেশি দেশ অংশ নেবে।
একই সময়ে জাতীয় স্টেডিয়ামে আর্চারির প্রতিযোগিতা থাকায় বিষয়টি কিছুটা সাংঘর্ষিক। তবে দুই পক্ষ আলোচনায় বসে সমঝোতার পথ খুঁজে নেওয়ার কথা জানিয়েছে।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস টি-স্পোর্টসকে বলেন,
ম্যাচের অনেক দিন বাকি। এর মধ্যে আমরা আর্চারি ফেডারেশনের সঙ্গে বসে একটা সুন্দর সমাধানের পথ বের খুঁজে নেবো।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন,
আমরা জাতীয় স্টেডিয়ামেই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেদিন যদি ফুটবলের ম্যাচ থাকে আমরা চাইব একটু আগেভাগে খেলা শেষ করতে। বিকেলের মধ্যে স্টেডিয়াম খালি করে দিলে বাফুফে রাতে ম্যাচ আয়োজন করতে পারবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি মাঠে গড়াবে ১৩ নভেম্বর রাত ৮টায়।
