ভারতের ফুটবলপ্রেমীদের জন্য একের পর এক হতাশার খবর। কদিন আগেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভারত সফর ভেস্তে যায়। এবার একই ভাগ্য বরণ করতে হলো লিওনেল মেসি ও তাঁর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকেও।
আগামী ১৭ নভেম্বর কেরালার কোচিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে। স্পনসর প্রতিষ্ঠান রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি–এর ম্যানেজিং ডিরেক্টর আন্তো অগাস্টিন জানিয়েছেন, ফিফার অনুমতি পেতে দেরি হওয়ায় ম্যাচটি ফিফার পরবর্তী আন্তর্জাতিক সূচিতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, নতুন তারিখ শিগগিরই জানানো হবে।
তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ভিন্ন দাবি তুলেছে। স্প্যানিশ গণমাধ্যম লা নাসিওন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ জানিয়েছে কেরালা প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি এবং আয়োজকদের পক্ষ থেকে বারবার চুক্তি লঙ্ঘন হয়েছে। এক কর্মকর্তা বলেন,
আমরা নভেম্বরেই ম্যাচটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছি। এমনকি প্রতিনিধি দল মাঠ ও হোটেল পরিদর্শনেও গিয়েছিল। কিন্তু আয়োজকরা প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হয়েছে, তাই ম্যাচটি বাতিল করতে হয়েছে।
এর আগে কেরালার ক্রীড়ামন্ত্রী ম্যাচটি নিয়ে ঘোষণা ও পরবর্তী প্রত্যাহারে বিভ্রান্তি তৈরি হয়। আগস্টে এএফএ নিশ্চিত করলেও, শেষ পর্যন্ত সফর স্থগিত হওয়ায় কেরালা ও ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক হতাশা নেমে এসেছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে মেসির আর্জেন্টিনা ভারত সফর করেছিল। সেবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি।
টিএইচএ/
