মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটি তামাকজাত পণ্যের ওপর প্রজন্মভিত্তিক স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে মালদ্বীপ বিশ্বে প্রথম দেশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তামাকজাত পণ্যের বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করল।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইনের অধীনে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্মগ্রহণকারী কেউ তামাকজাত পণ্য কিনতে, ব্যবহার করতে বা বিক্রি করতে পারবে না।
এই আইনটি চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু অনুমোদন দেন। সরকারের লক্ষ্য একটি ‘তামাকমুক্ত প্রজন্ম’ গড়ে তোলা, যা জনস্বাস্থ্য সুরক্ষায় তাদের অঙ্গীকারের প্রতিফলন বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষায়, ‘প্রজন্মভিত্তিক এই নিষেধাজ্ঞা একটি সাহসী পদক্ষেপ, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে মালদ্বীপের তরুণরা তামাকের প্রাণঘাতী প্রভাব থেকে মুক্ত থেকে বেড়ে উঠবে।’
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই উদ্যোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তামাক নিয়ন্ত্রণবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন অনুযায়ী মালদ্বীপের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন নিয়ম অনুযায়ী, দোকানদারদের এখন থেকে ক্রেতার বয়স যাচাই করা বাধ্যতামূলক হবে। এই নিষেধাজ্ঞা তামাকজাত সব ধরনের পণ্যের ওপর প্রযোজ্য হবে।
উল্লেখ্য, মালদ্বীপ বিশ্বের সেই কয়েকটি দেশের একটি যেখানে ভেপিং ও ই-সিগারেটের ওপরও সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। দেশটিতে এইসব পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ ও ব্যবহার সব বয়সের মানুষের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
সূত্র: টিআরটি গ্লোবাল।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
