জাতীয় স্টেডিয়ামের পাশের মাঠে অনুশীলন চলাকালীন হাজির হওয়া দুই বিদেশি কর্মকর্তাকে ঘিরে কৌতূহল তৈরি হয়। পরে জানা যায়,তারা লেস্টার সিটির ভিডিও প্রডিউসার ‘ড্যানিয়েল ট্যাগেট’ ও নিরাপত্তার দায়িত্বে থাকা ‘জে প্যাটম্যান’। বাংলাদেশ জাতীয় দলের তারকা হামজা চৌধুরীকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণের উদ্দেশ্যেই তাঁদের ঢাকা আগমন।
ট্যাগেট জানান, হামজার জাতীয়তা পরিবর্তনের পর বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তকে কেন্দ্র করে তারা একটি ডকুমেন্টারি তৈরি করছেন। ইতোমধ্যে ঢাকায় দৃশ্যধারণ শুরু হয়েছে, এরপর ইংল্যান্ডেও শুটিং হবে। সম্পাদনার কারণে ডকুমেন্টারি প্রকাশ পেতে কয়েক মাস সময় লাগবে বলেও জানান তিনি।
হামজার জনপ্রিয়তা দেখে বিস্মিত ট্যাগেট বলেন, বাংলাদেশে তিনি কতটা জনপ্রিয় এটা তাদের ধারণার বাইরে ছিল। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের টিকিট কয়েক মিনিটেই বিক্রি শেষ হওয়ার খবরও তাঁকে চমকিত করেছে। তার ভাষায়, “হামজা কতটা বড় সেলিব্রিটি এটা লেস্টারের সমর্থকেরাও ভাবে না। আমরা সেই অভিজ্ঞতাই তুলে ধরছি।”
হামজাকে নিয়ে ডকুমেন্টারি করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্যাগেট জানান, লেস্টারের স্থানীয় ছেলে হওয়া এবং দীর্ঘদিন ক্লাবের সঙ্গে যুক্ত থাকার কারণেই সমর্থকদের কাছে হামজা বিশেষভাবে প্রিয়। লেস্টার সিটিতেও তিনি সহ-অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ক্লাব তাকে অত্যন্ত সম্মান করে বলেও উল্লেখ করেন তিনি।
ভারত ম্যাচ পর্যন্ত ঢাকায় থাকবেন ট্যাগেট ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা প্যাটম্যান। তারা মাঠে-মাঠে ঘুরে capturing করবেন—একজন ফুটবলার কীভাবে গোটা দেশের ক্রীড়া অঙ্গনে উন্মাদনার জন্ম দিতে পারেন, সেই অভূতপূর্ব দৃশ্যাবলি।
টিএইচএ/
