সক্রিয় ককটেল উদ্ধার, এলাকায় বাড়তি নিরাপত্তা

by Fatih Work

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ৪টি পেট্রোল বোমা, ৬টি তাজা ককটেল এবং ককটেল তৈরির রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বদলগাছী উপজেলার ঝাড়ঘগড়িয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা ও ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

বিজ্ঞাপন
banner

ঘটনাস্থলের পাশেই রয়েছে ঝাড়ঘগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। জনবসতিপূর্ণ এ এলাকায় বিস্ফোরক উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “বদলগাছী উপজেলার আক্কেলপুর সড়কের পাশে একটি দোকানের সামনে সন্দেহজনক সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র‍্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি ৪টি পেট্রোল বোমা, ৬টি ককটেল এবং ককটেল তৈরির ৪০০ গ্রাম রাসায়নিক পদার্থ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করে।” তিনি আরও বলেন, “বোমা ও ককটেলগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222